প্রযুক্তিতে বাংলা ভাষার অপব্যবহার বন্ধে মানববন্ধন
প্রযুক্তিতে বাংলা ভাষার অপব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির সামনে মানববন্ধন করেছে বাংলা ভাষা রক্ষা আন্দোলন কমিটি। কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মুঠোফোনের বার্তা, সোশ্যাল মিডিয়া ও যোগাযোগের অ্যাপে তরুণদের মধ্যে শব্দের বিকৃত বানান ও উচ্চারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে পারস্পরিক আলাপনে বেসম্ভব (অসম্ভব), নাইচ (নাইস), কিন্যা (কিনে), গেসে (গেছে) দ্যাশ (দেশ)- এ রকম অসংখ্য বিকৃত ব্যবহার চলছে সব সময়ই। ভাল্লাগসে (ভালো লেগেছে), মুঞ্চায় (মন চায়) মাইরালা (মেরে ফেলো) ইত্যাদি বাক্য বা শব্দগুচ্ছ একত্র ও সংক্ষিপ্ত করার প্রবণতা প্রকট রূপ ধারণ করেছে। একই ভাবে ইংরেজি বাক্য বা শব্দকে সংক্ষিপ্ত করে ব্যবহার যেমন- OMG (Oh My God), HBD ( Happy Birth Day), BTW ( By The Way), congratz, (congrats), r8 ( right) LOL (Laughing Out Loud বা Laugh Out Loud) লেখা হয় হরহামেশা। এই প্রবণতা ভাষা ভিত্তিক এই দেশের জন্য লজ্জার।
এসময় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলা ভাষার দাবিতে যে আন্দোলন হয়েছিল ১৯৯৬-১৯৫৬ সাল পর্যন্ত সেখান থেকে আমরা দূরে সরে এসেছি। যদিও একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছে কিন্তু আন্দোলন হয়েছিল কিন্তু বাংলা ভাষার জন্য মাতৃভাষার জন্য নয়। আর যদি মাতৃভাষা বলি তাহলে একসাথে মর্যাদা দিতে হবে। অন্যদিকে প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে বাংলা ভাষার অপব্যবহার দিন দিন বেড়েই চলেছে। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে টাইপ করার সময় আমরা রোমান শব্দ ব্যবহার করছি। যদিও বাংলা লেখার জন্য আমাদের দুটি সফটওয়্যার আছে কিন্তু সে সম্পর্কে বা ব্যবহার সম্পর্কে আমরা সবাই অবগত নই।
এ অবস্থা থেকে উত্তরণে বাংলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।







